'হাসিনা সরকার যতদিন ক্ষমতায়, সুবিধা বঞ্চিতরা ততদিন সেবা পাবে'

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, 'শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে, দেশের সুবিধা বঞ্চিত মানুষরা ততদিন সেবা ও সহযোগিতা পাবে।'
 
দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসেন উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান সরকার দেশের বয়োজ্যেষ্ঠ, স্বামী হারা নারী ও চলার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, এমন জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে।' এ সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী বান্ধব সরকার বলেও তিনি উল্লেখ করেন।
 
বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর চলমান কার্যক্রমের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সমাজসেবা ও তুমলিয়া ইউনিয়ন পরিষদ শুক্রবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেন ও মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার। পরে প্রতিমন্ত্রী একই কার্যক্রমের আওতায় নগরী ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বহি বিতরণ করেন।