সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

 
ফেনীর সোনাগাজীতে ডাকাতি প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী গাব্বা মাসুদ (৩৪) নিহত হয়েছেন।তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ৮টি গুলি, ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
 
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাফায়েত জামিল ফাহিম জানান, শনিবার ভোরে চরচান্দিয়ার ইউনিয়নের সৌদি প্রবাসী এনামুল হকের ড্রাইভারের বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা। গোপন সূত্রে জানাতে পেরে র‌্যাব অভিযান চালায়। ডাকাতরা টের পেয়ে গুলি শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। প্রায় ২০ মিনিটি চলে এ 'বন্দুকযুদ্ধ'। এ সময় র‌্যাবের দুই সদস্যসহ তিনজন আহত হয়। 
 
তাদের প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গাব্বা মাসুদকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
 
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১০ মামলা রয়েছে। তিনি গত ৪ জুন সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত নুর হোসেন শিপন হত্যা মামলার আসামি বলে জানা গেছে।