উত্তরায় লিফট ছিঁড়ে আগুনের ঘটনায় তদন্ত করছে রাজউক ও বুয়েটের বিশেষজ্ঞ দল। তারা খতিয়ে দেখছে কি কারণে লিফট ছিঁড়ে পড়েছে। আর লিফট ছিঁড়ে বেজমেন্টে না থেমে সেটা ভেঙে নিচে কেন পড়ে গেল। বিস্ফোরণ কেন হলো। বিদ্যুতের ত্রুটি ছিল কিনা এসব বিষয়ও তদন্ত করে দেখছে।
আজ শনিবার সকালে বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করছে।রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মীর পাশে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে আজ শনিবার ভোর পৌণে ৬টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে মাহমুদুল হাসান (৩৫) মারা যান। তিনি ট্রপিকাল আলাউদ্দিন শপিংমলে সহকারী জেনারেল মেনেজার ছিলেন। তার বাড়ি বগুড়ায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় তার মেয়ে মেহনাজ হাসান মাইশা (৪), আটমাস বয়সি ছেলে মুনতাকিন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অন্যদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- কাজী মিজানুর রহমান খান (৫২), কামরুন নাহার লতা (২৩), সালমা আক্তার (৩৫), রেজাউল করিম রানা (৩২), জসিম (৩৫) ও অজ্ঞাত (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। আহতদের মধ্যে ৩৫ জন উত্তরা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।