ফরিদপুরের সালথা উপজেলায় মতিয়ার হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মামলার এজাহারভুক্ত আসামী টিটুল মাতুব্বরকে (৩০) মুন্সীগঞ্জ ও মো. লিটন মোল্যাকে (২৮) ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টিটুল উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামের কুদ্দুছ মাতুব্বরের ছেলে ও লিটন একই গ্রামের কালাম মোল্যার ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমান সংশ্লিষ্ট থানার পুলিশের সহযোগিতায় পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করেছেন। প্রাথমিকভাবে গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ১৮ জুন রাতে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামের মৃত রুপাই মাতুব্বরের ছেলে মতিয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় নিহতের ভাই আয়নাল মাতুব্বর বাদী হয়ে ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।