টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামকস্থানে শনিবার রাত সাড়ে ৭টার দিকে ট্রাকের ধাক্কায় এক অটোরিক্সার চালকসহ দুইজন নিহত হয়েছে।
নিহত অটোরিক্সা চালক আল আমিন (২২) সল্লার আব্দুর রহমানের ছেলে ও যাত্রী একই গ্রামের বিশার ছেলে হরিপদ (৩১)।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু পূর্ব- মহাসড়কের উপজেলার জোকারচর হাট থেকে ২ জন যাত্রী নিয়ে সল্লায় ফিরছিলেন অটোচালক আল-আমিন। পথিমধ্যে সল্লা নামকস্থান একটি ব্রীজের কাছে পৌছুলে একই দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক ওই অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই অটো চালক আল-আমিনের মৃত্যু হয়। এসময় হরিপদ নামের এক যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হরিপদ মারা যান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই নিহতের পরিবার তার লাশ নিয়ে গেছে।