বর্ষবরণে যৌন হয়রানি: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে

পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের ওপর যৌন হয়রানির মামলায় পুনঃতদন্তের প্রতিবেদন জমা দেয়ার সময় পিছিয়ে আগামী ২ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।
 
আজ রবিবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দিন সিদ্দিকী এ দিন নির্ধারণ করেন।
 
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন করে এ দিন ধার্য করেন।
 
গত বছরের ৯ ডিসেম্বর আলোচিত এ মামলায় কোনো আসামি খুঁজে না পাওয়ায় মামলাটি দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
 
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের উৎসবের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়।