মানিকগঞ্জে মদের কারখানাসহ গ্রেফতার ২

মানিকগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানের সময় মাদকদ্রব্যসহ দুইজন গ্রেফতার হয়েছে। 
 
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহাফুজুর রহমান জানান, একটি বিশেষ অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুর থানার ইসলামপুর গ্রাম হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহিমকে (২৭) গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে হরিরামপুর থানার পদ্মা নদীর মাঝে আইল্যার চর নামক জায়গায় অবৈধ মদের কারখানার সন্ধান পাওয়া যায়। এই সময় উক্ত কারখানায় ২১০ লিটার মদ এবং মদ তৈরির অন্যান্য সরঞ্জামসহ ৬৪০ লিটার জাওয়া জব্দ করা হয়। এ সময় কেষ্ট হালদারকে (৪৫) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মদের মূল্য ২ লাখ ২৯ হাজার টাকা।
 
উদ্ধারকৃত অবৈধ মদের কারখানার মূল হোতা আসলাম খাঁকে গ্রেফতার করতে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে। এই মদের কারখানার নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।