গাংনীতে ভারতীয় কাপড় ও প্রসাধনীসহ আটক ১

 
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় ও প্রসাধনী উদ্ধার করেছে। এ ঘটনায় চোরাকারবারী মিজানুর রহমান আটক হয়েছেন।
 
আটক মিজানুর রহমান গাংনী উপজেলার বামুন্দী নিশিপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
 
আজ রবিবার সকালের দিকে মেহেরপুর সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহামানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নিশিপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় কাপড় উদ্ধার করেন।
 
উদ্ধারকৃত ভারতীয় কাপড়ের মধ্যে শাড়ি কাপড়, থ্রি পিস, প্যান্ট পিস, টি শার্ট ও প্রসাধনী সামগ্রী রয়েছে। এর মধ্যে ৬৯ টি প্যান্টের কাপড়ের থান, ১৮ টি থ্রি পিসের থান, ২ টি লেহেঙ্গো, ২৪ পিস টি শার্ট, ২৪ জোড়া ইমিটেশনের হাতের বালা, ১৬ টি সুতার কন্ঠহার, ১১ টি ব্যাসলেট, ৪৮ টি ইমিটেশন চেইন, ১০ জোড় কানের রিং, ১৫ টি গলার হার, ১৩৪০ পাতা টিপ, ৩৮৫ জোড়া কানের দুল, ৫৮০ টি চুড়ি রয়েছে।
 
সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মোস্তাফিজুর রহমান জানান, চোরাই পথে ভারত থেকে এসব কাপড় নিয়ে এসে মিজানুর রহমানের বাড়িতে মজুদ করেছে এমন সংবাদে ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। তার বাড়ির একটি কক্ষ থেকে এসব কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানান এএসপি মোস্তাফিজুর রহমান। 
 
মিজানুর রহমানকে আসামি করে চোরাকারবারী আইনে মামলা দিয়ে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।