লোহাগাড়ার দরবেশ হাটে বিক্রি হচ্ছে কাটা গাছ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী এক হাটের নাম দরবেশ হাট। হযরত শাহপীর (রাহঃ) আউলিয়া দরবেশের নামে এ হাটের নামকরণ করা হয়েছে। সপ্তাহে দু’দিন শুক্রবার ও সোমবার হাটটি বসে।
 
বহু আগে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, দোহাজারী ও চকরিয়া থেকে ক্রেতারা বিয়ের বাজার, কাপড় ও বাঁশ-বেতের তৈরি বিভিন্ন হস্তসামগ্রী কিনতে আসত এখানে। কিন্তু কালের বিবর্তনে সে দৃশ্যপট আর নেই। বর্তমানে এটি কাটা গাছের হাট হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে।
 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাটের উভয় পার্শ্বে আধা কিলোমিটার এলাকাসহ আশপাশের এলাকাজুড়ে শুধু কাটা গাছ আর কাটা গাছ। ব্যবসায়ীরা রাস্তার উভয় পাশে বিক্রির জন্য এসব কাটা গাছ সাজিয়ে রেখেছে। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে পাইকারি বা খুচরাভাবে এসব কাটা গাছ ক্রয় করে। ফলে কাটা গাছের জন্য এ হাটটি চট্টগ্রামের সেরা। এসব কাট গাছ থেকে বাসা-বাড়ির বিশেষত মাটির/টিনের ঘরের তীর বা পাল্লা তৈরি করা হয়।
 

পাশাপাশি এ হাটে বাঁশ-বেতের বিভিন্ন হস্তশিল্প সামগ্রী ছাই, কুলা, লাই, ডোল, পাটি, ছাটা, ছালনী ইত্যাদি ওঠে। জানা যায়, গত ৩০ বছর ধরে এখানে নিয়মিত কাটা গাছসহ বাঁশ-বেত শিল্প সামগ্রীর হাট বসে। সেগুন, গামারীসহ বিভিন্ন মূল্যবান কাঠ ও বাঁশ পাওয়া যায় এ হাটে। ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে স্থানীয়ভাবে গাছগুলো সংগ্রহ করে বিক্রির জন্য সাজিয়ে রাখে। অনেকে আবার নিজস্ব বাগান থেকে গাছ কেটে এ হাটে বিক্রির জন্য নিয়ে আসে। দেশীয় প্রজাতির বিভিন্ন গাছসহ পাহাড়ের মেহগনি, একাশিয়াসহ মূল্যবান কাটা গাছ বিক্রি হয় এখানে। গাছ ব্যবসায়ীরা জানান, ৫ শতাধিক লোক কাটা গাছের ব্যবসার সাথে জড়িত। হাটে প্রতিদিন ৩-৪ লক্ষাধিক টাকার গাছ বিক্রি হয়। সাইজ অনুযায়ী প্রতিটি কাটা গাছ ২-৮শ’ টাকা পর্যন্ত বিক্রি হয়।