ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার একটি বাড়ি থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের গডফাদার রেজাউল ইসলাম পাঠান (৩২) ওরফে রেজাউল দালালকে অস্ত্র ও মাদকসহ ঝিনাইদহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ আটক করেছে। এ সময় তার দুই সহযোগী মিলন (৩৮) ও নান্টু মল্লিককে (৩৪) আটক করা হয়।
রেজাউল ইসলাম পাঠান কোটচাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও আদর্শপাড়ার মৃত মোমিন পাঠানের ছেলে। আটক মিলন হোসেন কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ও নান্টু মল্লিক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দবপুর গ্রামের নিয়ামত মল্লিকের ছেলে বলে র্যাব জানায়।
আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি, ফেনসিডিল, চাইনিজ কুড়াল, হাসুয়া, ইয়ারগানের বাট, ইয়াবা, লাখ টাকার বেশি টাকা ও পুলিশের পোশাকসহ বিভিন্ন রকমের অবৈধ জিনিস উদ্ধার করে র্যাব।
সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ র্যাব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ সাংবাদিকদের জানান, রবিবার দিনগত রাত ১টার দিকে ওই তিন মাদক ব্যবসায়ী অস্ত্র ও গুলি নিয়ে কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ায় অবস্থান করছিলেন। এমন খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, রেজাউল পাঠান দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চলের সোনা, মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের গডফাদার হিসেবে পরিচিতি। ধীর্ঘদিন ধরে তিনি এ কাজের সাথে জড়িত। তিনি পুলিশের সোর্স পরিচয় দিয়ে নিজেই পুলিশের পোশাক পরে অভিযান পরিচালনা করতেন বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ব্যাপারে সোমবার দুপুরে কোটচাঁদপুর থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা হয়েছে।