অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 
যশোরের অভয়নগর নওয়াপাড়া বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। অপর এক ব্যবসায়ী গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার আলিপুর গ্রামে যশোর- খুলনা মহাসড়কে। 
 
নিহত স্বর্ণ ব্যবসায়ী মুসলিম জুয়েলার্সের মালিক মিজানুর রহমান লিটন (৪০) উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। আহত ব্যবসায়ী মিজানুরের বন্ধু রাতুল এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিন একাই গ্রামের  মোতালেব হোসেনের ছেলে।
 
প্রত্যদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টায় লিটন ও তার বন্ধু নাসির নিজ বাড়ি উপজেলার আলিপুরে যশোর-খুলনা মহাসড়কের পাশদিয়ে হাটছিলেন। এ সময় খুলনাগামী কালো রঙের একটি পাজেরো গাড়ি তাদের দুইজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় নাসির সড়কের পাশে খাদে পড়ে যায়। লিটন সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। 
 
স্থানীয়রা আহত দুইজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান লিটনকে মৃত বলে ঘোষণা করেন। 
 
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।