মেসিকে এত হতাশ দেখেননি অাগুয়েরো

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর ড্রেসিংরুমে ফিরে হতাশায় ভেঙে পড়েন লিওনেল মেসি। মেসিকে এতটা ভেঙে পড়তে এর আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।
 
সোমবার সকালে হওয়া ফাইনালে নির্ধারিত আর অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতে চিলি।
 
আগুয়েরো বলেন, ‘আমরা অন্য কিছু ভাবতে চেষ্টা করছি এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এটা কঠিন। আরেকবার ভাগ্য আমাদের বিপক্ষে গেল।’
 
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, পেনাল্টি মিস করার জন্য সবচেয়ে বেশি ভেঙে পড়েছে মেসি। ম্যাচ শেষে ড্রেসিংরুমে তাকে এর চেয়ে বাজে অবস্থায় আমি আর দেখিনি।’
 
টাইব্রেকারে নিজেদের প্রথম শটে থেকে গোল করতে পারেননি বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি। ম্যাচ শেষে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।