অস্ট্রেলীয় কোম্পানি সান্তোসের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে চুক্তিবদ্ধ হয়েছে রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকের ম্যাগনামা নামক স্থানে আগামী শুষ্ক মৌসুমে জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই দুই কোম্পানি যৌথ উদ্যোগে কূপ খনন শুরু করবে। এর মাধ্যমে প্রথমবারের মতো সমুদ্রে গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানে যাবে বাপেক্স।
সোমবার রাজধানীতে বাপেক্স ভবনে এই যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে বাপেক্সের কোম্পানী সচিব মোহাম্মদ আলী এবং সান্তোস বাংলাদেশের চেয়ারম্যান এন্ড্রো ডি গ্যারিস নিজ নিজ কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন। গত ৩০ মে দৈনিক ইত্তেফাকে ‘প্রথমবারের মত সমুদ্রে গ্যাস অনুসন্ধানে যাচ্ছে বাপেক্স’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাপেক্সের পরিচালক মো. আতিকুজ্জামান জানান, যৌথ বিনিয়োগ কোম্পানি গঠনের লক্ষ্যে প্রাথমিক উদ্যোগ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হলো। গঠিতব্য যৌথ কোম্পানি বঙ্গোপসাগরের ম্যাগনামা অবকাঠামোতে অনুসন্ধান কূপ খনন করবে। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ার পর যৌথ কোম্পানি গঠনে মূল চুক্তি স্বাক্ষরিত হবে।
বাপেক্স সূত্রে জানা যায়, এই কোম্পানিতে বাপেক্সের শেয়ার থাকবে ৪৯ শতাংশ। গ্যাস উন্নয়ন তহবিল থেকে এ খাতে অর্থ ব্যয় করা হবে।
জানা যায়, উত্পাদন অংশীদারিত্ব চুক্তির (পিএসসি) আওতায় বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকটির ইজারাদার ছিল যুক্তরাজ্যের কোম্পানি কেয়ার্ন এনার্জি পিএলসি। সান্তোসও এতে অংশীদার ছিল। ম্যাগনামার ২১৩ বর্গ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালিয়ে তেল-গ্যাস পাওয়ার সম্ভাবনা চিহ্নিত করেছিল কেয়ার্ন। কিন্তু তারা সেখানে কূপ খনন করেনি। এক পর্যায়ে কেয়ার্ন ১৬ নম্বর ব্লকটি সান্তোসের কাছে বিক্রি করে চলে যায়। এখন এই ব্লকের একমাত্র ইজারাদার সান্তোস। ম্যাগনামার পাশেই ছিল বাংলাদেশের সমুদ্রসীমায় আবিষ্কৃত একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গু। ওই গ্যাসক্ষেত্র থেকে প্রায় সাড়ে ৫৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হয়েছিল। মাগনামায় প্রায় দেড় ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুদ থাকতে পারে মনে করছে সান্তোস। তবে নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধান কূপ খননের প্রয়োজন। এই কূপ খননে অনেক দিন থেকেই অংশীদার খুঁজছিল বিদেশি কোম্পনিটি। অন্য কোথাও সাড়া না পেয়ে গত বছর তারা বাপেক্সকে অংশীদার হতে প্রস্তাব দেয়।