খুলনায় আলতাফ হোসেন মোল্লা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী ও পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনার রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামের আলতাফ হোসেন তার ছেলে মঞ্জুর আরফিনকে প্রতারণামূলক কার্যক্রমের বিরোধিতা করতেন। মঞ্জুর এলাকাবাসীদের ধোকা দিয়ে জমি বিক্রির নাম করে অর্থ হাতিয়ে নিত। এ অপরাধে আলতাফ হোসেন ছেলে মঞ্জুরকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হবে মর্মে কয়েক দফা সতর্ক করে দেন। এতে ক্ষুব্ধ মঞ্জুর তার মা মমতাজ বেগমের সহযোগিতায় ২০০১ সালের ২৪ মে ঘুমন্ত অবস্থায় বাবা আলতাফ হোসেনকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মোল্লা মোজাফফার হোসেন রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার রায়ে মঞ্জুর আরফিন ও স্ত্রী মমতাজ বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং কন্যা আফরোজা বেগম মুক্তিকে খালাস দেন।
আসামি পক্ষে এডভোকেট মো. আব্দুল লতিফ এবং রাষ্ট্র পক্ষে বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন মামলা পরিচালনা করেন।