আড়াইহাজারে ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

আড়াইহাজারে মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়।
 
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীর চর ঈদগাহ এলাকায় সাত্তার ও  জয়নালের সমর্থকদের মধ্যে  ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের কুমিল্লা ও সোনারগাঁও, ঢাকার বিভিন্ন হাসপাতালে  ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বালু মহল নিয়ন্ত্রণ নিয়ে সাত্তার ও জয়নালের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সাত্তার বাহিনী মেঘনায় কদমীর চর এলাকায় বালু উত্তোলন করছিল। বালু  উত্তোলন করতে গিয়ে তারা ওই গ্রামের ঈদগাহ এলাকায় এসে পড়ে। এ সময় জয়নালের লোকজন সাত্তারের ড্রেজারের নিকটে বালু উত্তোলন শুরু করে। দুইটি ড্রেজার কাছা-কাছি হওয়ায়  দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে শুরু হয় গুলি-পাল্টা গুলি। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১২-১৩ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়।
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান , বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি।