বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার পুন:সংস্কার করবে চীন

বাংলাদেশের বৃহত্তম কনভেনশন সেন্টার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার পুন:সংস্কার করবে চীন। এ মর্মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদুল্লাহ খন্দকার এবং ঢাকাস্থ চায়না দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক মন্ত্রণাদাতা লি গুয়াংজুনের মধ্যে সোমবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের আরেক নাম “বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার”। যাকে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক কনভেনশন সেন্টার হিসেবে গণ্য করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে কখনো সংস্কার করা হয়নি।
এ বছরের শেষদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট” শীর্ষক সম্মেলন। এ সম্মেলনে নানা দেশের প্রায় ১ হাজার অতিথি অংশগ্রহণ করবেন। সেই সম্মেলনকে সামনে রেখেই এ সংস্কার কাজ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত কর্মকর্তা।

(জিনহুয়া।)