পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার পুলিশের নজরদারিতে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, তিনি (এসপি) নজরদারিতে আছেন, আমরা কখনো বলিনি। বাবুল আক্তারকে দায়ী করা কিংবা বাবুল আক্তার জড়িত কি না, সে প্রসঙ্গ এখনো আসেনি।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত এক আলোচনা সভাশেষে সাংবাদিকদের ‘বাবুল আক্তার আপনাদের নজরদারিতে আছেন কি না?’ প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করেছে, বাবুলকে তাদের মুখোমুখি করা হয়েছিল। তিনি এদের চেনেন কি না বা হত্যার রহস্য কী, তা উদ্ঘাটনেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কারা তাকে হত্যা করেছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তা স্পষ্ট হয়েছে। যারা হত্যা করেছে, তাদের অনেককেই আমরা ধরে ফেলেছি। অন্যদের ধরার প্রক্রিয়া চলছে।
গত শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে বাবুলকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এরপর ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়া হয়। সেখানে যে পুলিশ পাহারা ছিল, সোমবার তা তুলে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু।