আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ষড়যন্ত্র চলছে, চলবে। বৈশ্বিক রাজনীতির কারণে আমাদের তৈরি পোশাক খাত এখন চ্যালেঞ্জের মুখোমুখি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলো এখন নানা প্রতিকূলতার সম্মুখীন। এখন যুক্তরাজ্যের সঙ্গে আমাদেরও নতুন করে কথা বলতে হবে। মঙ্গলবার সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় আমাদের যারা রপ্তানিকারক তারা একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। রপ্তানিকারকদের ওপর দেড় শতাংশ সোর্স ট্যাক্স আরোপ করা হয়েছে, যেটা আগে ছিল দশমিক ছয় শতাংশ, তারও আগে ছিল দশমিক তিন শতাংশ। এটাকে বৃদ্ধি না করার জন্য তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী ভারত তৈরি পোশাকের জন্য একটা প্যাকেজ ঘোষণা করেছে। এ মুহূর্তে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। ভারত আমাদের জায়গায় আসতে চায়। সেজন্য তারা এই খাতে ৬ হাজার কোটি টাকার নগদ সহায়তা দেবে এবং প্রতিটি পণ্যে ২৫ শতাংশ ট্যাক্স সহায়তা দেবে। ভারত যদি এটা করে, পৃথিবীর বহু দেশের সঙ্গে তাদের ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট আছে। যেমন- ১৬টি দেশের সঙ্গে ভারতের রিজিওনাল কমপ্রেসিভ ট্রেড পার্টনারশিপ রয়েছে। সেখানে ভারত যদি এ সুবিধা দেয়ার পর তৈরি পোশাক খাতে আমরা এ সুবিধা না দিই, তাহলে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না।