অনেকের মতো কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও তারকা স্ট্রাইকার লিওনেল মেসিকে আহ্বান জানিয়েছেন, অবসর ভেঙ্গে ফের জাতীয় দল আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যেতে। একই অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মরিসিও মাসরিও। খবর সুপার স্পোর্টস।
গত সোমবার কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাই-ব্রেকারে পরাজিত হলে ফের শিরোপার স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। হতাশায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আকস্মিক এই সিদ্ধান্তে পুরো ফুটবল বিশ্ব মুষড়ে পড়ে। বাদ যাননি খোদ আর্জেন্টাইন প্রেসিডেন্ট মাসরিও। এমনকি মেসির সমালোচনায় যিনি প্রায়ই মুখর থাকতেন সেই আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও বিষয়টি খুব একটা ভালভাবে গ্রহণ করতে পারেননি। তাই তো পুরো আর্জেন্টাইন জাতির পক্ষ থেকে ম্যারাডোনা ও দেশটির রাষ্ট্রপ্রধান মেসিকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন।
কোপা আমেরিকার শতবর্ষী আয়োজনের ফাইনালে পরাজয়ের পরে বার্সেলোনা সুপারস্টারের চোখের পানি পুরো ফুটবল বিশ্বকেই কাঁদিয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন। তার এই ঘোষণায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টাইন ফুটবলের আকাশে কালো মেঘ দেখা দিয়েছে।
ম্যারডোনার বরাত দিয়ে স্থানীয় অনলাইন পত্রিকা লা ন্যাসিওন জানিয়েছে, ‘তার অবশ্যই থাকা উচিত। কারণ এখনো তার সামনে অনেক খেলা বাকি রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হতে সে রাশিয়া যাবে। যারা বলছে মেসির জাতীয় দল থেকে সরে দাঁড়ানো উচিত তারা বুঝতে পারছে না কি দুঃস্বপ্ন আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে।’
২৯ বছর বয়সী মেসিকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কোনো শিরোপাই জিততে পারেনি ক্লাব বার্সেলোনার এই তারকা। কোপা আমেরিকা সেন্টারিও’র ফাইনালে পরাজয় তার ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সি গায়ে চতুর্থ ফাইনাল পরাজয়। যা তিনি কোনভাবেই মেনে নিতে পারেননি। এই পরাজয়ে দারুণ হতাশ হয়েছেন আর্জেন্টাইন রাষ্ট্রপতি মাসরি। তিনিও অনলাইন পত্রিকাটিতে ম্যারাডোনার সঙ্গে মেসিকে জাতীয় দলে থেকে যাবার অনুরোধ জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে মাসরির এক মুখপাত্র জানান, রাষ্ট্রপতি মেসিকে ডেকে বলেছেন তাকে নিয়ে তিনি কতটা গর্বিত। একইসঙ্গে সমালোচকদের কথা না শোনারও অনুরোধ জানিয়েছেন তিনি।
বার্সেলোনায় মেসিকে সবাই পছন্দ করলেও জাতীয় দলের জার্সি গায়ে তেমন বড় কোন সফলতা অর্জন না করায় প্রায়ই তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। মেসির নিজ শহরের ক্লাব রোসারিওতে তার প্রথম কোচ আরনেস্টো ভেচ্চিও মেসির এই অসময়ে বিদায়ের ঘোষণায় মোটেই সন্তুষ্ট হতে পারেননি। তার মতে জাতীয় দলে সে তো আর একা খেলে না, ১১জন খেলোয়াড় নিয়ে দল গঠিত হয়। তাহলে দলের ব্যর্থতায় সব দায় কেন শুধুমাত্র মেসির ওপরই আসবে।
বার্সেলোনায় মেসিকে সবাই পছন্দ করলেও জাতীয় দলের জার্সি গায়ে তেমন বড় কোন সফলতা অর্জন না করায় প্রায়ই তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। মেসির নিজ শহরের ক্লাব রোসারিওতে তার প্রথম কোচ আরনেস্টো ভেচ্চিও মেসির এই অসময়ে বিদায়ের ঘোষণায় মোটেই সন্তুষ্ট হতে পারেননি। তার মতে জাতীয় দলে সে তো আর একা খেলে না, ১১জন খেলোয়াড় নিয়ে দল গঠিত হয়। তাহলে দলের ব্যর্থতায় সব দায় কেন শুধুমাত্র মেসির ওপরই আসবে।
যুক্তরাষ্ট্রের ফাইনাল শেষে সোমবার সন্ধ্যায়ই মেসির নেতৃত্বে আর্জেন্টাইন দল বুয়েন্স আয়ার্সে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে টেলিভিশন ক্যামেরাগুলোর সব আকর্ষণ ছিল কোচ জেরার্ডো মার্টিনোর দিকে। তবে খেলোয়াড়রা গণমাধ্যমের সামনে কোন কথা বলতে রাজী হননি।