চট্টগ্রামে সেন্ট্রাল প্লাজায় অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজায় অগ্নিকাণ্ডে মোহাম্মদ হাসান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। হাসানের বাড়ি বরিশালে। গতকাল  সকাল আটটার দিকে এই ভবনে আগুন লাগে।
 
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া ইত্তেফাককে জানান, আগুন লাগার পর ধোয়ায় হাসানসহ পাঁচজন অসুস্থ হয়। গুরুতর আহত অবস্থায় হাসানকে স্থানীয় হাসপাতালে আনা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। সে কয়েক বছর ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করে আসছিলো।
 
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, সকালে সেন্ট্রাল প্লাজার চারতলায়      আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু কালো ধোয়ার কারণে উদ্ধার তত্পরতা চালাতে সমস্যায় পড়ে ফায়ার সার্ভিস। এ জন্য আগুন নিয়ন্ত্রণেও কিছুটা সময় লাগে। আগুন নিয়ন্ত্রণের আগে মার্কেটের চারতলায় থাকা গোডাউন, বেশকিছু এসি, সিলিং ফ্যান আগুনে পুড়ে গেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।