রাজধানী উত্তর বাড্ডার বহুতল ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীদের ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন মহানগর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) মোজাম্মেল হক।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৪ তলার বিটিআই ভবনটির প্রথম তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত মার্কেট। বাকি ৯টি তলা আবাসিক ফ্ল্যাট। মার্কেটের বেশিরভাগ দোকানই বাড়ির সাজ-সজ্জার জিনিস পত্রের শোরুম ছিল।
রাত আড়াইটার দিকে দোতলায় হাটিলের শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরে মার্কেটের অন্যান্য ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। এ অবস্থা ৬ তলা থেকে ১৪ তলার বাসিন্দারা আটকা পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর্যন্ত ওখানে আটকে থাকেন তারা।
রাত সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সবকটির গাড়ির পানি শেষ হয়ে যায়। আশের পাশের রির্জাভ ট্যাংকি থেকে অগ্নিনির্বাপনের কাজ চলে। ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ফ্ল্যাটের বাসিন্দাদের উদ্ধার করতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস আরো জানায়, ভবনের দুই পাশে ও পেছনে সরু রাস্তা থাকায় অগ্নিনির্বাপনের কাজে ব্যাঘাত ঘটে।
অগ্নিকাণ্ডে হাটিল, হোম ডেকরসহ প্রায় ১০টি প্রতিষ্ঠানের শোরুমের সব মালামাল পুড়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে, কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।