জামিন চেয়েছেন শফিক রেহমান

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা মামলায় আপিল বিভাগে জামিন চেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।  হাইকোর্টের জামিন খারিজ করে দেয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদনে এ জামিন চেয়েছেন তিনি।
 
বুধবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আবেদন শুনানির জন্য ১৪ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছেন।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগোযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় শফিক রেহমানকে।