ঈদের ছুটিতে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ

 
আসন্ন ঈদ-উল ফিতরের ছুটিতে দেশে যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
 
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বিভাগীয় কমিশনারদের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
 
বিভাগীয় কমিশনারদের উদ্দেশে মুখ্য সচিব বলেন, 'নয় দিনের লম্বা ছুটিতে জেলা প্রশাসকদের সতর্ক রাখবেন। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে বিষয়ে ডিসিরা যেন সজাগ থাকেন।'
 
রোজার ঈদ সামনে রেখে শবে কদরের পরদিন আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা হওয়ায় আগে ও পরে শুক্র-শনি মিলিয়ে এবার টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
 
ঈদের ছুটিতে যে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জানাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন আবুল কালাম।
 
সরকারি কর্মকর্তাদের তিনি বলেন, 'নয় দিনের ছুটি। ছুটি যত লম্বা আপনাদের রেসপনসিবিলিটি তত বেশি।'                      
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের পাশে বসে ভিডিও কনফারেন্স অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম বলেন, 'নয় দিন সরকারি ছুটিতে নিরাপত্তার বিষয়টি বড় আকারে দেখা দরকার।'
 
এই সময়ে ব্যাংকের ভল্টের নিরাপত্তা আরও জোরদারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, 'ঈদের ছুটিতে মানুষ যেন জরুরি চাহিদাগুলো মেটাতে পারেন। নিরাপত্তার বিষয়গুলো ভালোভাবে দেখতে ডিসিদের সঙ্গে যেন কোঅর্ডিনেশন করা হয়।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে ভিডিও কনফারেন্সে অর্থ সচিব মাহবুব আহমেদ বিভাগীয় কমিশনারদের জানান, ব্যাংকিং বিভাগ থেকে ঈদের ছুটিতে ব্যাংকগুলোর নিরাপত্তার বিষয়ে চিঠি দেয়া হয়েছে।
 
ঈদের ছুটিতে ব্যাংক খাতের নিরাপত্তায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদেরও সহযোগিতা চান অর্থ সচিব।