স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির না করলে ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন নন-এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতারা।
বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ হুমকি দেয়া হয়।
ফেডারেশনের সভাপতি মো. এশারত আলী বলেন, 'মাননীয় শিক্ষামন্ত্রী একাধিকবার এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। তাই অনতিবিলম্বে স্বীকৃতপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা করুন। অন্যথায়, ঈদের পর সারা দেশে ১ লাখ ২০ হাজার শিক্ষক কর্মচারী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। দাবি পূরণ না হলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।
এশারত আলী বলেন, 'বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেক পরিবারে অন্তত একজনের চাকরি নিশ্চিত করা। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলে সরকারের সেই প্রতিশ্রুতি পূরণ হবে।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম।