'যেও না লিও' আর্জেন্টিনার রাজধানী জুড়ে আকুতি

 
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ারসে এখন চলছে মাতম। কোপা হারানোর থেকেও বড় বেদনা এখন তাদের সুপার স্টার মেসিকে হারানোর বেদনা। আর সে কারণেই রাজধানী জুড়ে বেশ কিছু বিলবোর্ড ও আলোকসজ্জায় দেখা যাচ্ছে এই একটি কথা, 'নো তে ভয়েস লিও' যার অর্থ 'যেও না লিও'।
 
 
আর্জেন্টিনার সুপার স্টার লিওনেল মেসির ক্লাব ফুটবলে পাহাড় সম অর্জন বারবার ম্লান হয়ে যায় তার আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের পরিসংখ্যানে। অনেক সমালোচক বলেন, মেসির পায়ে ফুটবল গড়ানোর সময় থেকে বড় কোন কাপ বঞ্চিত আর্জেন্টিনা।
 
 
মেসি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪টি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেও অর্জন করতে পারেনি কাপ। কোপা আমেরিকার শত বর্ষের এই কাপটিকে আলিঙ্গন করতে চেয়েছিলেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত আরো একবার চিলির কাছে টাইব্রেকারে হেরে তার স্বপ্নভঙ্গ। সব মিলিয়ে জাতীয় দলের জার্সি গায়ে বার অপদস্থ হওয়া মেনে নিতে পারেনি মেসি। সে কারণেই অবসরের ঘোষণা দেন ম্যাচ শেষেই।
 
 
মেসির মুখ থেকে অবসরের ঘোষণা শুনে বেশ কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় বিশ্ব ফুটবলের সব আলোচনা। রাজ্যের হতাশা নিয়ে কিছু সময় পরেই ঝড় ওঠে সামাজিক মাধ্যমসহ প্রতিটি গণমাধ্যমে। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা এবং দেশটির বর্তমান প্রেসিডেন্টও মেসিকে জাতীয় দলে ফেরত আসার আহ্বান জানান। কিন্তু এখন পর্যন্ত তার উত্তরে কিছুই বলেননি মেসি। অবশেষে ফুটবলের এই জাদুগরকে দলে ফেরত আসার আকুতি জানিয়ে বিলবোর্ড ও আলোকসজ্জা কর হচ্ছে আর্জেন্টিনার রাজধানীতে।