বলিউডের তিন খানের অন্যতম সালমান খান আজীবন ভক্তদের কাছে নায়কের আসনেই থাকতে চান। আর তাই নেতিবাচক চরিত্রে অভিনয় করা থেকে বিরত থাকার ইচ্ছাই প্রকাশ করেছেন তিনি।
হিন্দি সিনেমায় প্রায়শ’ই দেখা যায় যে, নায়ক যা করছেন- তার সবই ঠিক। অথচ খলনায়ক যা করছে তার সবই ভুল। এতে করে পর্দার সামনে থাকা দর্শকদের মনে খলনায়কের প্রতি বিরূপ প্রতিক্রিয়া জন্মায় বলেই বিশ্বাস সালমানের। আর তিনি নিজে দর্শকদের সামনে একজন ‘ভাল মানুষ’-এর ইমেইজ রক্ষা করতে চান।
এ বিষয়ে এক সাক্ষাৎকারে সালমান বলেন, আমি খলনায়কের ধারণা একদমই পছন্দ করিনা। আমি দর্শকদের আনন্দ দিতে ভালোবাসি। আমি চাই দর্শক ঘরে ফেরার পথে একজন ভালো মানুষ হিসাবে আমাকে কল্পনা করুক।
সালমান তাঁর ক্যারিয়ারে অ্যাকশন-মাসালা ঘরানার সিনেমাতেই কাজ করেছেন বেশি। ‘দাবাং’ ‘ দাবাং-২’ ‘ওয়ান্টেড’ ‘এক থা টাইগার’-এর মতো সিনেমায় মারকুটে নায়কের চরিত্রে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে এই সিনেমাগুলো সালমানকে এনে দিয়েছে ‘অ্যাকশন হিরো’র খেতাব।
সালমান বললেন, তরুণদের কাছে এই পরিচয়েই আজীবন থাকতে চান তিনি। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে,তরুন দর্শকেরা যেনও আমাকে দেখে অনুপ্রাণিত হতে পারে।পর্দায় ইতিবাচক চরিত্রের মাধ্যমে আমি তাদের কাছে ‘আইডল’ হিসাবে সম্মান পাবো। সালমান মজার ছলে আরও বলেন, বাস্তবে হিরো না হতে পারলেও আমি চেষ্টা করি অন্তত পর্দায় হিরো হবার! আর আমি এটাই করতে চাই।
এই ঈদে সালমানের নতুন সিনেমা ‘সুলতান’ মুক্তি পাবে। এই সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন আনুশকা শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেস।