কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

 
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মো. সিরাজুল ইসলাম (৬৯) নামের ওই আসামির মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম মেড্ডা এলাকায় বলে জানান জেলার বিকাশ রায়হান।
 
ব্রাহ্মণবাড়িয়ার একটি খুনের মামলায় সিরাজুল ইসলাম ও তার দুই ছেলে গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকে এ কারাগারে রয়েছেন। তারা তিনজনই ফাঁসির দণ্ডপ্রাপ্ত।
 
জেলার বলেন, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজুল হঠাত্ অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 

তিনি বলেন, ‘সিরাজুল কিডনি রোগ, উচ্চ রক্তচাপ ও হূদরোগে আক্রান্ত ছিলেন। এক মাস আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিত্সা নিয়ে কারাগারে ফিরেছেন।’