বগুড়ার গৃহবধূ শিরিন আক্তার হত্যা মামলায় তার সাবেক স্বামী সোহেল ইবনে করিমের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনাল। এছাড়া সোহেলের তিন সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহেল বগুড়া জেলার আদমদীঘি তালশন এলাকার আবদুল করিমের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়ার ফুলবাড়ি সরকারপাড়ার মনিরুজ্জামান সরকারের ছেলে শাকিল সরকার (২৮), আদমদীঘি কুসুম্বির শ্রী সন্তোষ চন্দ্র ঘোষের ছেলে শ্রী সেনগুপ্ত ঘোষ (৩৫) ও বগুড়ার দুপচাঁচায়ির বাটাহারা কনকার্জ এলাকার খয়বর আলীর ফকিরের ছেলে আহাদ আলী (৪০) । যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
মামলা সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৩ ডিসেম্বর বিকালে বগুড়ার ডুমরি গ্রামে শিরিনের বাবার বাড়িতে সাবেক স্বামী সোহেল ও তিন সহযোগী শিরিনকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে । শিরিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসার পর ২০১৩ সালের ২৬ আগস্ট বাবার বাড়িতে মারা যান শিরিন। পরে তার বাবা স্থানীয় থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।