ঈদে কথা-সুর আর কণ্ঠে লুত্ফর হাসান

 
ঘুড়ি খ্যাত গায়ক লুত্ফর হাসানের এবারের ঈদেও একাধিক গান নিয়ে আসছেন। গীতিকার ও সুরকার হিসেবে  বিচরণ তার একাধিক অ্যালবামে। এবারের ঈদের কাজ প্রসঙ্গে জানতে চাইলে লুত্ফর বলেন, ‘দিন রাত লেখা আর সুরের ভেতরেই থাকি। আর কাজের ফাঁকে ফেসবুকে লেখা হয় যাপিত জীবনের ভাবনা নোট। এভাবেই আমার কাটছে গত কয়েকবছর। এবারের ঈদেও তাই থেমে নেই। বেশ কিছু ভালো লাগার কাজ আসছে। শ্রোতারা যার ভেতরে আমাকে খুঁজে পাবেন।’

লুত্ফর হাসানের ঈদের গানগুলির ভেতরে উল্লেখযোগ্য কাজগুলো হলো—স্নেহাশিস এর কথায় অয়ন ও মিলনের সুরে পৃথক দুইটি গান, রাহুলের লেখায় রেজওয়ানের সুরে একটি গান, শাহরিদ বেলালের লেখা ও সুরে একটি গান। আর গীতিকার হিসেবে লিখেছেন কণ্ঠশিল্পী মমতাজ, ইলিয়াস, সমীর, মার্শেলের জন্য। এছাড়া গোলাম রাব্বানীর লেখায় সুর দিয়েছেন। রাব্বি আহমেদ এর লেখা গানে সুর দিয়েছেন কাজী শুভর জন্য। কাজ করছেন সাদাত হোসাইনের লেখা গান নিয়ে। পাশাপাশি ঈদ উপলক্ষে আসছে ইমরান কবির হিমেলের পরিচালনায় ‘আমি ভাবছিলাম আনন্দে যাবে আমার দিন’ গানের মিউজি ফিল্ম।