রুয়েটের ৫১ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
 
রুয়েটের ৭৮তম সিন্ডিকেট (সাধারণ) সভায় এই বাজেট অনুমোদন করা হয়। সভায় বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরের অনুমোদিত বাজেটের মধ্যে ৪৮ কোটি ২০ লাখ টাকা পাওয়া যাবে ইউজিসির মাধ্যমে সরকারি বরাদ্দ থেকে এবং ৩ কোটি টাকা আয় হবে রুয়েটের নিজস্ব উৎস থেকে।
 
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় জানানো হয়, ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বেতন ও ভাতাদি খাতে ২৯ কোটি ২২ লাখ টাকা, পেনশন খাতে ৬ কোটি ৫০ লাখ টাকা, মুলধন মঞ্জুরি খাতে ৩ কোটি ৬০ লাখ টাকা এবং অন্যান্য খাতে ১১ কোটি ৭০ লাখ টাকা টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া এ সিন্ডিকেট সভায় ২০১৫-২০১৬ অর্থবছরের ৪৫ কোটি ১৫ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে। সংশোধিত বাজেটের মধ্যে ৩৮ কোটি ১৫ লাখ টাকা ইউজিসির মাধ্যমে সরকারি বরাদ্দ থেকে এবং অবশিষ্ট রুয়েটের বিভিন্ন উৎস ও প্রকল্প থেকে পাওয়া গেছে।