নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য তৈরির অপরাধে চট্টগ্রামে মেরিডিয়ানসহ তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার কালুরঘাট শিল্প এলাকায় মেরিডিয়ান, থাই ফুড ও বিএসপি ফুড নামে তিনটি রেস্টুরেন্টের কারখানায় অভিযান চালিয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এ জরিমানা করেন।
তিনি জানান, মেরিডিয়ানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির পাশাপাশি তারা পণ্যের মান নিয়ন্ত্রণ করছে না। এছাড়াও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তারা চকলেট ও সফট ড্রিংকস পাউডার তৈরি করে বিক্রি করছে। এ সব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে থাই ফুডকে সাত লাখ ও বিএসপি ফুডকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।