আন্তর্জাতিক ক্রিকেটের লম্বা বিরতি ক্ষতির কারণ হবে: তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতি বাংলাদেশের উন্নতির জন্য ক্ষতির কারণ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে তামিম, বড় দলগুলোকে বাংলাদেশের সঙ্গে খেলার আহ্বান জানান।
 
বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারতে ২৬ মার্চ, টি টোয়েন্টি বিশ্বকাপে। অক্টোবর ইংল্যান্ডের বাংলাদেশ সফরে পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পরে দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা সিরিজ জেতার পরেও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলতে অনাগ্রহের কারণ বুঝতে অক্ষম তামিম। 
 
তিনি বলেন, এত অসাধারণ একটা মৌসুম কাটানোর পরে আমরা ছয় মাস ক্রিকেট খেলছি না। এটা অবশ্যই আমাদের ক্ষতির কারণ হবে। সবার আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হওয়া উচিত, তা না হলে আমাদের সাইডলাইনে বসে থাকবো। আমরা জানি না ছয় মাস পরে আমরা কার সঙ্গে খেলবো। জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলকে ম্যাচের জন্য এত অপেক্ষা করতে হয় না। 
 
ভালো খেলার পরেও অন্যদের খেলতে অনাগ্রহের কারণ বুঝতে পারছেন না তামিম। তিনি বলেন, ছয় মাস বসে থাকাটা আমাদের এমন পারফরম্যান্সের প্রতি ন্যায়বিচার হয়না। যদি আমরা পাঁচ বছর আগে যেমন খেলতাম তাহলে হয়তো কারণটা বুঝতে পারতাম। কিন্তু এত ভালো খেলার পরেও তারা আমাদের সঙ্গে কেন খেলতে চায় না সেটা বুঝতে অক্ষম আমি। 
 
তামিম আরো বলেন, কোনো শীর্ষ দলকে ছয় মাস বিরতি নিতে বলেন। তারপর দেখবেন ছয় থেকে আট মাস বসে থাকার পরে তারা যেমন খেলছিল তেমন আর খেলতে পারবে না। ক্রিকইনফো।