ঢাবি'র পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
 
ঢাবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়ে বলা হয়, রেজিস্টার অফিসের এমফিল ও পিএইচডি শাখার ৩২৩ নম্বর কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এতে বলা হয়, এম.ফিল সনদপত্র অথবা সকল পরীক্ষা পাশের মূল নম্বর-পত্র এবং জনতা ব্যাংক টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার রশিদ দেখিয়ে প্রার্থীকে নির্ধারিত আবেদন পত্র সংগ্রহ করতে হবে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সকল পরীক্ষার নম্বরপত্রের ১ (এক)টি করে ফটোকপি ও সম্প্রতি তোলা ২ (দুই) কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এম.ফিল. পাশ অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি অথবা ৩ বছর মেয়াদী স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রীর অধিকারী হতে হবে।
 
প্রার্থীদের সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণীসহ ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে। দেশের কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভর্তি হতে পারবেন না। পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি হতে হবে।