মানিকগঞ্জে যমুনার ভয়াবহ ভাঙ্গনে ৫শ' পরিবার গৃহহীন

মানিকগঞ্জ জেলার দুই নদীতে পানি বৃদ্ধির ফলে দৌলতপুর ও ঘিওর উপজেলায় ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
 
এতে নদী তীরবর্তী মানুষের মধ্যে অবর্ণনীয় দুর্ভোগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙ্গনের কারণে এই দুই উপজেলার প্রায় ৫শ' পরিবার গৃহহীন হয়ে পড়েছে। দৌলতপুর উপজেলার বাঁচামারা ও চরকাটারি এবং ঘিওর উপজেলার শ্রীধরনগর, কুষ্টা মৈলাগি গ্রামের ব্যাপক এলাকা এই ভাঙ্গনের শিকার হয়েছে। এছাড়া মৈলাগির আশ্রয়ণ প্রকল্প ও ঘিওর দৌলতপুর পুরনো সংযোগ সড়ক ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে।
 
দৌলতপুর উপজেলার বাঁচামরা ও চরকোটারি ইউনিয়নের বিপুল সংখ্যক গৃহহারা মানুষ অন্যের জায়গায় অস্থায়ীভাবে ভাড়া নিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। গত এক মাসে যমুনা নদী প্রায় ৪শ' ঘরবাড়ি গ্রাস করেছে।
 
এদিকে চুয়াডাঙ্গা, বাচামরা জেলেপাড়া, চরভাঙ্গা, বাঁচামারা উত্তরখান্দো, কাচারিপাড়া, পাচুরিয়া ও সুবুন্ধিয়া গ্রামের কিছু মানুষ যমুনা নদীর চরে তাদের দিন অতিবাহিত করছেন। বাঁচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ জানান, গত ১ মাসে তার ইউনিয়নের প্রায় ৪শ’ মানুষ গৃহহারা হয়েছেন।
 
তিনি আরো বলেন, গত মে মাসে প্রায় ১ হাজার একর জমির বাদাম গাছ পানিতে তলিয়ে গেছে এবং দ্বিতীয় পর্যায়ে প্রায় ৭শ' একর জমির মটরশুটি, আউশ ও আমন ধান ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। খবর- বাসস।