ডিএসসিসির কানুনগো গ্রেফতার

 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাময়িক বরখাস্ত হওয়া কানুনগো মোহাম্মদ আলীকে দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
দুদকের উপপরিচালক (জনসংযোগ)‍ প্রণবকুমার ভট্টাচার্য জানান, বুধবার রাতে ঢাকার শ্যামলী এলাকায় মোহাম্মদ আলীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
প্রায় ২৩ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ এনে ২০১৫ সালে রমনা থানায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করে দুদক। ঐ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 
অভিযোগে বলা হয়, চাকরিতে যোগ দেওয়ার চার বছরের মধ্যে আলী নিজের দায়িত্বের পাশাপাশি জেষ্ঠ্যদের ডিঙিয়ে ‘অতিরিক্ত কিছু দায়িত্ব’ পালন করছিলেন,  যা অস্বাভাবিক। অল্পকিছু দিনের মধ্যে তিনি ডিসিসির ভূ সম্পত্তি শাখার হর্তাকর্তা হয়ে ওঠেন। ডিসিসির মালিকানাধীন মার্কেটগুলোর প্রায় দুই শতাধিক দোকান তিনি নিজের বন্ধু-বান্ধব, এলাকার রাজনৈতিক নেতা-কর্মী, ও কয়েকজন সাংবাদিকদের বরাদ্দ দেন বলেও সে সময় অভিযোগ ওঠে।
 
মামলার এজাহারে বলা হয়, মোহাম্মদ আলী ২০১০ সালের ১০ জানুয়ারি কানুনগো পদে পদোন্নতি পান এবং ২০১০-১১ করবর্ষে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) খোলেন।
 
আয়করের তথ্য অনুযায়ী, তার ৩৬ লাখ ৩৭ হাজার ২৬৩ টাকার সম্পদ থাকার কথা থাকলেও ২০১৫ সালে সম্পদের বিবরণীতে ৫৯ লাখ ৬ হাজার ৪১৮ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়। বাকি ২২ লাখ ৬৯ হাজার ১৫৫ টাকা তিনি অবৈধভাবে অর্জন করেছেন অভিযোগ করা হয় মামলার এজাহারে।