প্রিমিয়ার হকির সমীকরণ জটিল করে তুললো মোহামেডান

মোহামেডান স্পোর্টিংয়ের শিরোপা স্বপ্ন ভেঙেছে আগেই। একদিন পরে আবাহনী লিমিটেড ছিটকে যায় লড়াই থেকে। তাই শিরোপার সুবাস পাচ্ছিলো ঊষা ক্রীড়া চক্র।  
কিন্তু দাপুটে এক জয়ে এবার তারা ঊষা ক্রীড়া চক্রের শিরোপা স্বপ্ন কঠিন করে দিল সাদা-কালোরা। অধিনায়ক রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে ঊষাকে ৫-৩ গোলে হারিয়েছে মোহামেডান।
 
বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার অপর ম্যাচে বাংলাদেশ এসসিকে ৬-২ গোলে হারায় শিরোপা দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া আবাহনী লিমিটেড।
 
মোহামেডানের কাছে হারের পর ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঊষা। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে মেরিনার ইয়াংস ক্লাব। আগামী শুক্রবার দুই দল সুপার সিক্সের শেষ ম্যাচে মুখোমুখি হবে। শিরোপা জিততে ঊষার দরকার জয়; মেরিনারের ড্র।
 
এদিন শুরু থেকে ঊষাকে চাপে রাখে মোহামেডান। তৃতীয় মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড সালমান হোসেনের তৈরি করে দেওয়া সুযোগ কোনাকুনি হিটে কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন জিমি।
 
২৯তম মিনিটে ঊষাকে সমতায় ফেরান আলিম বেলাল। পেনাল্টি কর্নারে কৃষ্ণ কুমারের পুশ, সারোয়ার হোসেনের স্টপের পর নিখুঁত হিটে মোহামেডান গোলরক্ষক জাহিদ হোসেনকে পরাস্ত করেন পাকিস্তানের এই খেলোয়াড়।
 
কিন্তু পরের মিনিটে জিমির রিভার্স হিট গোলরক্ষক সাইদ নিপ্পনের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে ফেলে ফের এগিয়ে যায় মোহামেডান। ৩২তম মিনিটে সালমানের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূরণ করেন জিমি।
 
দ্বিতীয়ার্ধে পেনাল্টি কর্নার থেকে বেলালের গোলে ঊষার ম্যাচে ফেরার আশা জাগে। কিন্তু জিমির তোপে ম্যাচ থেকে একটু একটু করে ছিটকে যেতে থাকে ঊষা। ৪০তম মিনিটে তাসওয়ার আব্বাসের ডান দিক থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় নিজের চতুর্থ গোলটি করেন মোহামেডানের অধিনায়ক।
 
৬১তম মিনিটের গোলে মোহামেডানের জয় অনেকটাই নিশ্চিত করে দেন জিমি। শেষ দিকে বেলাল হ্যাটট্রিক পূরণ করলেও ঊষা চলতি লিগে নিজেদের প্রথম হার এড়াতে পারেনি।
 
এখন মেরিনার্স ও ঊষার ম্যাচটিই হয়ে গেছে টুর্নামেন্টের অঘোষিত ফাইনাল।