বিএসটিআইয়ের অনুমোদনহীন অবৈধ, ভেজাল্ ও ঝুঁকিপূর্ণ শিশুখাদ্য গুড়োদুধ বা ফুলক্রিম মিল্ক পাউডার এবং শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, সফট ড্রিংক পাউডার তৈরির অপরাধে রাজধানীর চারটি প্রতিষ্ঠান থেকে মোট পাঁচ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ ও চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে ঢাকা জেলা প্রশাসন, ৫-এপিবিএন ও বিএসটি আই, এর যৌথ উদ্যোগে রাজধানীর জুরাইনবাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, পুরান ঢাকার জুরাইনবাজার এলাকায় কয়েকটি দোকান বিএসটিআইয়ের অনুমোদনহীন অবৈধ, ভেজাল ও ঝুকিপূর্ণ শিশুখাদ্য গুড়োদুধ বা ফুলক্রিম মিল্ক পাউডার, সেমাই, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, সফট ড্রিংক পাউডার ইত্যাদি বিক্রি করে আসছিল। সার্বিক বিবেচনায়, জনপ্রিয় স্টোর, বিক্রমপুর স্টোর, মুজাহিদ স্টোর এবং আনোয়ার স্টোর প্রত্যেককে দশ হাজার করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
৫-এপিবিএন হেডকোয়ার্টার্সের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম জানান, বাজারটিতে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচ লাখ টাকা মূল্যমানের পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
রমজান ও ঈদ উপলক্ষ্যে এ ধরণের খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপন্নকারী প্রতিষ্ঠানগুলোকে কড়া নজরদারীর মধ্যে রেখে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
অভিযানে বাজার কমিটির নেতারা সহযোগিতা করেন এবং তাদের মাধ্যমে দোকানমালিকদের সচেতনতামূলক প্রচারণা করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন ৫-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান ও বিএসটিআই ফিল্ড অফিসার রাশেদ-আল- মামুন।