শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঢাবি দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে হল, বিভাগ ও অন্যান্য অফিস দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।
 
উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- 'সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা'।
 
দিবসটি উপলক্ষে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শুভেচ্ছা বাণী দিয়েছেন। এ উপলক্ষে ক্যাম্পাসে শুক্রবার দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে: সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন।
 
এরপর পায়রা উড়ানো এবং উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচী শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক দিনব্যাপী এই কর্মসূচীর উদ্বোধন করবেন। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন হল থেকে শোভাযাত্রাসহ প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জমায়েত হবেন। সেখান থেকে শোভাযাত্রা সহকারে টিএসসিতে যাবেন তারা।
 
সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে 'সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
 
উপাচার্য আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই আলোচনা সভায় সম্মানিত অতিথি থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক প্রো-উপাচার্য, প্রফেসর এমিরিটাসবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান আলোচনা অনুষ্ঠান পরিচালনা করবেন।
 
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ঢাবি গ্রন্থাগার আয়োজিত দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শন।  এদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কার্জন হলে বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তির যন্ত্রপাতি ও গবেষণার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের আয়োজনে ইতোমধ্যেই চিত্রকলা প্রদর্শনী চলছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে।
 
এছাড়া, ঢাবি'র সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচী গ্রহণ করেছে।