ইতালির রক্ষণ ভাঙ্গতে প্রত্যয়ী মুলার

ইতালির শক্তিশালী রক্ষণ ব্যুহ ভাঙ্গার বিষয়ে আত্মবিশ্বাসী জার্মান তারকা স্ট্রাইকার থমাস মুলার। শনিবার বর্দুতে ইউরো ২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইতালির মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।
 
২০১২ সালের আসরেও পরস্পরের মুখোমুখি হয়েছিল দল দুটি। তবে কোয়ার্টারে নয়, সেমিফাইনালে। ওই ম্যাচে অবশ্য জয় পায় আজ্জুরিরাই। কিন্তু ফাইনালে তারা হেরে গিয়েছিল স্পেনের কাছে। এবারের নকআউট পর্বেই বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়ে গত আসরের প্রতিশোধটা নিয়ে ফেলেছে এ্যান্টনিও কন্তের শিষ্যরা।
 
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সবার নজড় কেড়েছে ইতালি। ইউরো টুর্নামেন্টের শুরুতেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে চমক দেখায় তারা। এরপর আজ্জুরিদের হাতে ১-০ গোলে হার মেনেছে সুইডেনও। তবে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের কাছে ০-১ গোলে হেরে যায় কন্তের দল। অবশ্য এর আগেই শেষ ষোল নিশ্চিত হয়ে যায় ইতালির। নক-আউট পর্বে প্রতিশোধের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে তারা।
 
২০১২ সালের ফাইনালে এই স্পেনের কাছে হেরেই শিরোপা জয় করতে ব্যর্থ হয়েছিল ইতালি। এবার অসাধারণ রক্ষণ ভাগ ও প্রতি-আক্রমণে বলীয়ান হয়ে ইউরো চ্যাম্পিয়নদের হারানোর পর কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মোকাবেলা করবে তারা। বসে নেই জার্মানিও। আজ্জুরিদের হটিয়ে শিরোপা নিশ্চিত করার ছক কষতে বসে গেছে তারা।
 
দলের আক্রমণ ভাগের প্রধান সেনাপতি মুলারের মতে, ইতালির রক্ষণ ভাগ অতিক্রম করা সম্ভব। স্পোর্টস ওয়ানকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি ইতালীয় রক্ষণ ভাগকে অনতিক্রম্য মনে করি না। কারণ, বায়ার্নে থেকে এ রকম কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে আমরা চারটি গোল আদায় করেছি ইতালির দল জুভেন্টাসের বিপক্ষে। যাদের রক্ষণ ভাগ অনেকটাই জাতীয় দলের মতো। অবশ্য দলগতভাবে ইতালীয়দের রক্ষণ ভাগ বেশ শক্তিশালী। তারা যথেষ্ট ত্যাগী। তবে আমি এখনো তাদের রক্ষণ ভাগ টপকে গোলপোস্টে অনেক কিছু ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি।’