নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের রিলিফের ১৬ মেট্রিক টন চাল পাচার করার সময় জব্দ করেছেন লোহাগড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুরে বড়দিয়া খাদ্যগুদামের সামনে থেকে ট্রাকভর্তি ৩২০ বস্তা চাল জব্দ করা হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা জানান, কোটাকোল ইউনিয়নের জিআরের ১৬ মেট্রিক টন চাল দুঃস্থদের মাঝে বন্টন না করে খুলনার রূপসায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ট্রাকসহ চালগুলো জব্দ করা হয়েছে।
ট্রাক চালক তরিকুল জানিয়েছেন, বড়দিয়া থেকে তাকে চালগুলো খুলনার রূপসায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু, কে বা কারা চালগুলো খুলনায় নিয়ে যেতে বলেছে সে তথ্য দিতে পারেননি তরিকুল।
এদিকে, খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী মোবাইল ফোনে দাবি করে বলেন, ‘আমি অফিসের কাজে বাইরে ছিলাম। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’