জাতীয় সংসদে ৫৮ ঘণ্টা আলোচনার পর ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার বাজেট পাস হয়েছে। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের তৃতীয় বাজেট এটি। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের টানা অষ্টম বাজেট।
বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধরীর সভাপতিত্বে দুপুর দেড়টায় অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়।
তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চার হাজার ১৪৭ কোটি টাকা যোগ করলে এই বাজেটের আকার দাঁড়ায় তিন লাখ ৪৪ হাজার ৭৫২ কোটি টাকা। শুক্রবার ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দিন থেকে এ বাজেট কার্যকর হবে।