রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংকচুকের আমন্ত্রণে ভুটানের চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার বিকালে দ্রুক এয়ারের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে দ্বিপকক্ষীয় সম্পর্ক সংহত হওয়ার পাশাপাশি উপ-আঞ্চলিক সহায়তার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।’
প্রেস সচিব বলেন, ‘সফরে শনিবার রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সাক্ষাত্ করবেন। একই দিন তিনি রাজার প্রাসাদ লিনকানা প্যালেসে রাজা ও রানির সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।’ এছাড়া আবদুল হামিদ ভুটানের চতুর্থ রাজা ও বর্তমান রাজার বাবা জিগমে সিংহে ওয়াংচুকের সঙ্গে সাক্ষাত্ করবেন বলেও জানান প্রেস সচিব।
সফরের সময় রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা থিম্পুর তাজ তাশি হোটেলে অবস্থান করবেন।