বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও সুইস তারকা রজার ফেদেরার। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও দু’জনই সরাসরি সেটের জয় পেয়েছেন।
এদিন সুপার স্লাম (চারটি গ্র্যান্ড স্লাম) জয়ের পথে দুর্দান্তভাবেই ছুটছেন বিশ্বসেরা জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন ও ক্যারিয়ারের অধরা ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ছোঁয়ার পর উম্বলডনেও অন্যতম ফেভারিট এই সার্বিয়ান টেনিস আইকন।
ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে ৬-৪, ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে টেনিসর উন্মুক্ত যুগে টানা ৩০টি গ্র্যান্ড স্লাম সিঙ্গেল ম্যাচ জেতার রেকর্ড গড়েন ২৯ বছর বয়সী এ টেনিস আইকন।
তৃতীয় রাউন্ডে ব্রাজিলিয়ান থমাস বেলুচ্চি ও যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির মধ্যকার জয়ীর বিপক্ষে কোর্টে নামবেন জোকোভিচ।
অন্য ম্যাচে র্যাংকিংয়ের ৭৭২ নম্বর খেলোয়াড় ব্রিটিশ মার্কাস উইলিসকে ৬-০, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে প্রত্যাশিত জয় তুলে নেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার।
সুইস কিংবদন্তির সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ডের ড্যানিয়েল ইভান্স বা ইউক্রেনের আলেক্সান্ডার ডোল্গোপোলোভ।