রাজধানীর রাস্তাগুলো তার মন্ত্রণালয়ের আওতাভুক্ত না হওয়া সত্ত্বেও নানামুখী প্রশ্নে জর্জড়িত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি ভাই বড় বিপদে আছি।’
বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক উদ্বোধনের বিষয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের রাস্তার অবস্থার জন্য তাকেই দোষারোপ করা হচ্ছে, যদিও রাজধানীর রাস্তার দায়িত্ব তার মন্ত্রণালয়ের হাতে নেই।
তিনি বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই, আমি বড় বিপদে আছি। আমি বিরক্তও হচ্ছি। প্রতিনিয়ত ফেসবুক ও টুইটারে জানতে চাইছে... একটু আগেও জবাব দিয়েছি।’
মন্ত্রী বলছেন, হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তা তাকে বারবার বিপদে পড়তে হচ্ছে। মালিবাগ-মৌচাক নির্মাণাধীন ফ্লাইওভারের নিচের রাস্তার জন্য ‘বিব্রত’ হতে হচ্ছে। ফ্লাইওভার ‘সাইট’ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
তিনি বলেন, ‘ঢাকা শহরের যেখানে যেখানে রাস্তা নিয়ে সঙ্কট বলে মনে হচ্ছে, বা চলাচলে অসুবিধা ফিল করছে সেখান থেকেই আমাকে ফোন করছে। ফেইসবুকে পোস্ট করছে, টুইটারে পোস্ট করছে। আমি ভাই বড় বিপদে আছি।’