প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। জনগণের একটি বড় অংশ নারীদের উন্নয়ন প্রক্রিয়ার বাইরে রেখে কখনো দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত হানে ফুজাল এসকায়ের গতকাল বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনসংখ্যাই যেখানে নারী, সেখানে তাদের বাদ দিয়ে আমরা উন্নয়নের ধরাকে এগিয়ে নিতে পারব না। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরে তিনি বলেন, তার সরকার রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছে। দেশের নারীরা বর্তমানে প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালনরত রয়েছেন। সারাদেশে নারী উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা আরো বলেন, ‘আমাদের নারীরা এখন পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষা, খেলাধূলা এবং বিভিন্ন সৃজনশীল কাজে এগিয়ে যাচ্ছে। খেলাধুলার বিভিন্ন শাখায় আমাদের নারীরা এখন ভালো করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের ফুটবল ও ক্রিকেটের সাফল্যের তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে এই দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের মধ্যে কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করা যায়। এ ছাড়া জাহাজ নির্মাণ শিল্পেও আমরা ডেনিশদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। প্রধানমন্ত্রী বলেন, দেশে এবং বিদেশে প্রক্রিয়াজাতকৃত খাবারের বিশেষ চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশ এখন খাদ্য প্রক্রিয়াজাতকরণে জোর দিচ্ছে। এসব কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের পর বিদেশে রফতানি করাই এর অন্যতম লক্ষ্য।
বাংলাদেশে ডেনিশ অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুযোগ দেওয়ার জন্য ডেনিশ রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আমরা পরস্পরের সহযোগী হিসেবে কাজ করে যেতে চাই।’ বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে ডেনিশ রাষ্ট্রদূত এদেশে দায়িত্ব পালনকালীন সবরকমের সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।