ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের বাজারে ক্রেতাদের ভিড়

শেষ মুহূর্তে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঈদ মার্কেট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের শপিংমল, বিপণি বিতান ও মার্কেটগুলোতে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
 
এদিকে অন্য বছরের তুলনায় এবার ভালো বিক্রি হওয়ায় ব্যবসায়ীরাও খুশি। ক্রেতাদের চাহিদাকে লক্ষ্য রেখে শপিংমল, বিপণি বিতান ও মার্কেটগুলোতে ব্যবসায়ীরা প্রচুর কাপড়-চোপড় মজুদ করেছেন। ক্রেতারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সে জন্য পুলিশের পাশাপাশি প্রতিটি মার্কেটে কমিটির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা তাদের দোকানগুলো দেশি-বিদেশি বিভিন্ন নামি-দামি কোম্পানির শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, থ্রি-পিস, চায়না ফ্রক, সেলোয়ার-কামিজ, সিল্কের শাড়ি, জামদানি শাড়ি ও শিশু কিশোরদের বাহারি রঙয়ের পোশাক দিয়ে সাজিয়েছেন।
 

দোকানীরা জানান, এবার ঈদে মেয়েদের পছন্দ কিরণমালা, কককটি, ফুলটাচ, লেহেঙ্গা, স্কাট, ছেলেদের পছন্দ টি-শার্ট, জিন্সের প্যান্ট ও পাঞ্জাবি। ঈদকে সামনে রেখে প্রতিদিন শহর ও বিভিন্ন উপজেলা থেকে প্রচুর লোক কেনাকাটা করতে আসে শহরের বিপণি বিতানগুলোতে। সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত জমজমাট থাকে প্রতিটি মার্কেট। ঈদকে সামনে রেখে  শহরের প্রায় মার্কেটেই আলোকসজ্জা করা হয়েছে। শহরের টিএ রোডের আশিক প্লাজা, ফরিদউদ্দিন টাওয়ারের নাইন জিরো, বাবুল গার্মেন্টস, আধুনিক পৌর সুপার মার্কেট, কোর্ট রোডের সিটি সেন্টার, সুপার মার্কেট,  এফএ টাওয়ার, ওয়াটার ভিউ শপিংমল, নিউ মার্কেট, পৌর হকার্স মার্কেট, নিউ সিনেমা রোডের বি-বাড়িয়া টাওয়ারসহ বিভিন্ন মার্কেটে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ছেলে-মেয়েরা ঈদের কেনাকাটায় ব্যস্ত। শাড়ির জন্য মহিলারা যাচ্ছেন সড়ক বাজারের কমলালয়, ইলোরা, শাড়ি বিচিত্রাসহ বিভিন্ন দোকানে। তবে শহরের মধ্যবিত্ত ও ফ্যাশন সচেতন তরুণ-তরুণীরা ভিড় জমাচ্ছে সিটি সেন্টারের স্বপ্নলোকের শো-রুম, কোর্ট রোডের ড্যাজলের শো-রুম ও নাইন জিরো’র শো-রুমে। নিম্ন আয়ের লোকজন যাচ্ছেন পৌর-আধুনিক হকার্স মার্কেটসহ ফুটপাতের বিভিন্ন দোকানে।