মুস্তাফিজের পরিবর্তে সাসেক্সে কুলাসেকারা

ইনজুরির কারণে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। তাই তার ইংলিশ কাউন্টি লিগে সাসেক্সের হয়ে খেলতে যাওয়াটাও প্রায় অনিশ্চিত। অনেকদিন তার জন্য অপেক্ষা করে এবার শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকারাকে দলে নিল সাসেক্স।
 
এর আগে মুস্তাফিজের জায়গায় প্রথম দফায় ডেভিড উইসেকে দলে নিয়েছিল তারা। এবার তিনটি টি-টোয়েন্টির কুলাসেকারাকে নিলো তারা।
 
বৃহস্পতিবার সাসেক্সের এক আনুষ্ঠানিক বিবৃতিতে কুলাসেকারার যোগদান নিশ্চিত করা হয়। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে কেন্ট, মিডলসেক্স, গ্লামরগানের বিপক্ষে খেলার জন্যেই মূলত সংক্ষিপ্ত সময়ে তাকে দলে নিয়েছে দলটি।
 
শ্রীলঙ্কার হয়ে ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন কুলাসেকারা। এছাড়া ২১টি টেস্ট এবং ১৭৩টি ওয়ানডে ম্যাচেও শ্রীলঙ্কার জার্সি গায়ে মাঠে নেমেছেন এই পেসার। বৃহস্পতিবার কেন্টের বিপক্ষেই সাসেক্সের জার্সি গায়ে তাকে মাঠে দেখা যাবে।