চলমান ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। বৃহস্পতিবার রবার্ট লেভানোডফস্কির পোল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে যায় পর্তুগিজরা।
বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মুখোমুখি হয় দুই দল। এদিন নির্ধারিত সময়ে এগিয়ে থাকতে পারেনি কোনো দল। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হওয়া ম্যাচের অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি কোনো দল।
ফলে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে, নিজেদের তৃতীয় পেনাল্টি শুটআউটের শটে গোল করতে ব্যর্থ হয় পোলিশরা। অপরদিকে, নিজেদের সব শট থেকে গোল করলে ৫-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ চারের টিকিট কাটে পর্তুগাল।
শেষ চারের টিকিট নিশ্চিত করতে এ ম্যাচে মূলত সমর্থকদের চোখ ছিল পর্তুগালের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। সমান আলো ছড়ানো পোল্যান্ডের রবার্ট লেভানোডফস্কির দিকেও তাকিয়ে ছিল বিশ্ব ফুটবল।
তবে, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোল পাননি রোনালদো। আর নির্ধারিত সময়ে পোলিশদের হয়ে গোল করেন লেভানোডফস্কি। তবে, গোল শোধ করে পর্তুগিজদের ম্যাচে ফেরান রেনাতো সানচেজ।
তবে শেষ হাসি হাসেন রোনালদোই। এ ম্যাচে জয়ের ফলে প্রথম দল হিসেবে সেমি ফাইনালে উঠলো পর্তুগিজরা।