ফুলবাড়িতে শতাধিক জাল দলিল-সিল উদ্ধার, আটক ৩

দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশ স্ট্যাম্প বিক্রির দোকানে অভিযান চালিয়ে শতাধিক জাল দলিল ও দুই শতাধিক সিল উদ্ধারসহ তিনজনকে আটক করেছে।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, উপজেলার পৌর এলাকার থানাপাড়া গ্রামের দলিল লেখক সোহরাব হোসেন সরকার (৪৫), একই গ্রামের নাজির ইসলাম নয়ন (২৩) ও শ্রীহরিপুর গ্রামের মহরী আব্দুল জলিল (৫০)। IMG0
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার রেজিস্ট্রি অফিস সংলগ্ন সুরমা ট্রেডার্স নামের স্ট্যাম্প বিক্রি ও কম্পিউটার কম্পোজের দোকানে অভিযান চালানো হয়। ওই দোকান থেকে শতাধিক বাংলাদেশি ও পাকিস্তানি জাল দলিল ও দলিল তৈরির স্ট্যাম্প, জেলার ১৩ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সাব-রেজিস্ট্রার, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নামের এবং দফতরের দুই শতাধিক সিল উদ্ধার করা হয়। একই সময়ে জাল দলিল সৃষ্টিকারী চক্রের হোতা দলিল লেখক সোহরাব হোসেনসহ তার সহযোগী নাজির ইসলাম নয়ন ও মহরী আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। এরা ১৯৭১সালে ফুলবাড়ি সাব-রেজিস্ট্রি অফিস পুড়ে যাওয়ার সুযোগ নিয়ে ১৯৬৫ সাল থেকে স্বাধীনতার পূর্ব পর্যন্ত বিভিন্ন সময়ের জাল দলিল সৃষ্টি করে আসছে।’
 
আটক দলিল লেখক সোহরাব হোসেন বলেন, ‘কিভাবে উদ্ধার হওয়া দলিলপত্রসহ সিল মোহর তার দোকানে এলো তা তার জানা নেই।’IMG1
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন মৃধা বলেন, ‘উদ্ধার হওয়া সিলগুলোর মধ্যে তার দফতর ও তার নামেরও সিল পাওয়া গেছে। আটক ব্যক্তিরা গোটা দিনাজপুর জেলার ভূমির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নামের এবং দফতরের সিল তৈরি করে রেখেছে। সেগুলো দিয়ে দীর্ঘদিন থেকে জাল সহি ও স্বাক্ষরের মাধ্যমে জমিজমার জাল খাজনা-খারিজের মাধ্যমে জমিজমা রেজিস্ট্রি করতে সহায়তা করে আসছে। এদেরকে ধরার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালানো হচ্ছিল।’