শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর

শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। এই রাত হাজার রাতের চেয়েও পুণ্যময় রাত।
 
‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র শবে কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করে রাত অতিবাহিত করে থাকেন।
 
এই পবিত্র রমজান মাসে মহাপবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দিন ও রাতব্যাপী বিশেষ ইবাদত বন্দেগী, ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।
 
পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড় রাত ১০টা ৪৫ মিনিটে পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয়’ শীর্ষক ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার সরকারি ছুটি।
 
পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে।